Primeedition
যশোর–৪ আসনে নির্বাচিত হলে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।
গতকাল বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির যশোর জেলা সভাপতি আতিকুজ্জামান, জামায়াতে ইসলামীর বাঘারপাড়া উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম,
খেলাফত মজলিসের সভাপতি মুফতি মঈনুদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র সহকারী সেক্রেটারি মাসুদুর রহমান, এনসিপির বাঘারপাড়া উপজেলা সভাপতি আল মামুন,
ব্যাংকার মেজবাহ উদ্দিনসহ ১১ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, নির্বাচিত হলে তিনি কারিগরি শিক্ষার সম্প্রসারণ,
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে প্রতিটি নাগরিকের বাংলাদেশি হিসেবে সমঅধিকার নিশ্চিত করতে কাজ করবেন।
তিনি চাঁদাবাজ ও জুলুমকারীদের হুঁশিয়ার করে বলেন, “হয় ভালো হতে হবে, নয়তো ’২৪-এর ছাত্র-জনতা তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজ ও অস্ত্রধারীদের আইনের আওতায় এনে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
জনসভায় সভাপতিত্ব করেন নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আমির মাওলানা কামরুল হাসান। সভা শেষে নারিকেলবাড়ীয়া বাজার এলাকায় এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন