এডিশন ডেস্ক::
নিজেদের সকল শক্তি-সামর্থ, যোগ্যতা, প্রজ্ঞা ও প্রচেষ্টা কাজে লাগিয়ে আল্লাহর জমীনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে সকলকে আপোষহীন থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি গতকাল ৩১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে ঢাকা-১৬ সংসদীয় আসনে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও পল্লবী জোন পরিচালক নাসির উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ঢাকা-১৬ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কর্ণেল ( অব.) আব্দুল বাতেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ, উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন, এডভোকেট হাসানুল বান্না চপল, পল্লবী মধ্য থানা আমীর রইসুল ইসলাম, পল্লবী উত্তর থানা আমীর সাইফুল কাদের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পল্লবী জোন পরিচালক, আবুল কালাম পাঠান, রূপনগর থানা আমীর আবু হানিফ ও পল্লবী দক্ষিণ থানা আমীর আশরাফুল আলম প্রমূখ।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সৃষ্টি আল্লাহর। তাই সকল ক্ষেত্রেই আইনও চলবে আল্লাহর। মূলত, জামায়াত আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক দেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পরিসরে আপোষহীন আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর একটি দল ৪ বার, অপরটি ৩ বার সরকার গঠন করলেও তারা জাতীয় সংসদে কুরআনের আইন পাশ করেনি। বস্তুত, আইন আইনের প্রতিষ্ঠার মধ্যেই রয়েছে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি।
আর মানুষের তৈনি আইন কখনো নির্ভুল নয়। তাই কোন সমাজে যতদিন মানুষের তৈরি আইন প্রতিষ্ঠিত থাকবে, ততদিন সে সমাজ থেকে অশান্তি, দুর্নীতি, অপরাধ ও অস্থিরতা দূর হবে না। দেশে সুশাসন ও আইনের শাসন ফিরে আসবে না।
তিনি আগামী নির্বাচনে ঢাকা-১৬ আসনে কর্নেল বাতেনের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
প্রাইম এডিশন/এম এইচ এ/ঢাকা