গৌরব সাহা| নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর বাসাইল ও ঘোড়াশাল এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে ৭টি মামলায় মোট ২ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
রোববার (২৬ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে বাসাইল এলাকায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী ৩টি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা এবং ঘোড়াশাল এলাকায় একই আইনে ৩টি মামলায় আরও ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১টি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে মোট ৭টি মামলায় সর্বমোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব। জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ও জ্বালানি খাতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।