গণতন্ত্র পুনরুদ্ধারে ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, ‘ছাত্র-জনতার ২৪-এর বিপ্লবের মাধ্যমে আজ আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। এই গণতন্ত্র অর্জনের জন্য নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী-২ আসনে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। পলাশ উপজেলার পাঁচদোনা ও মেহেরপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এসব পথসভা অনুষ্ঠিত হয়। প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন তিনি।
মাধবদী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ড. মঈন খান নারী ভোটারদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় ৯ কোটি পুরুষ ও ৯ কোটি নারী। আমরা যদি বাংলাদেশকে উন্নতির পথে এগিয়ে নিতে চাই, তাহলে নারীদের অংশগ্রহণ ছাড়া তা সম্ভব নয়। দেশের অর্ধেক মানুষকে উন্নয়নের বাইরে রেখে কেবল পুরুষদের দিয়ে উন্নয়ন সম্ভব এ কথা আমি বিশ্বাস করি না।’
তিনি আরও বলেন, ‘আজ মেহেরপাড়া ইউনিয়নের ভগীরাথপুরে নারীরা যেভাবে এগিয়ে এসেছে, তা একটি উদাহরণ। আমি আহ্বান জানাব বাংলাদেশের ৯ কোটি নারী যেন দেশের সার্বিক উন্নয়ন ও রাজনৈতিক প্রক্রিয়ায় একইভাবে সাহস করে এগিয়ে আসে এবং অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে।’
এ সময় তিনি বলেন, ‘আপনারা মা-বোনেরা সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে সরাসরি ভোটকেন্দ্রে যাবেন। নাস্তার জন্য রান্নাঘরে সময় ব্যয় করবেন না। আগে ভোট দিয়ে আসবেন, তারপর পুরুষ ভাইদের জন্য রান্না করবেন।’
তিনি জানান, বিএনপি নির্বাচিত হলে নারী অর্থনীতিতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমরা গত ১৭ বছর একদলীয় শাসন দেখেছি। এই সময়ে আমরা কেউ সঠিকভাবে ভোট দিতে পারিনি। দিনের ভোট রাতে হয়েছে, প্রহসনের নির্বাচন হয়েছে, ধোঁকাবাজি ও ভোট ডাকাতির নির্বাচন দেখেছি। দীর্ঘ সতেরো বছর পর এখন একটি সুষ্ঠু নির্বাচনের সুযোগ এসেছে।’
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনার পছন্দের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি আপনাদের হয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’