ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসে আটকে পড়া ২৩ জন নৌসেনা মারা গেছেন বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। মঙ্গলবার ইন্দোনেশিয়া নৌবাহিনীর এক মুখপাত্র এ তথ্য নিশ্চি করেন।
শনিবার ভোরে প্রবল বৃষ্টিপাতের কারণে পশ্চিম জাভার বান্দুং বারাত জেলার পাসির লাঙ্গু গ্রামে ভূমিধসটি ঘটে। গ্রামটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি পাহাড়ি এলাকায় অবস্থিত।
নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল তুঙ্গগুল জানান, ইন্দোনেশিয়া–পাপুয়া নিউগিনি সীমান্তে টহল কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে চলমান প্রশিক্ষণ মহড়ার সময় ২৩ জন মেরিন সেনা ভূমিধসের কবলে পড়েন। তিনি বলেন, “চরম আবহাওয়ার কারণে টানা ভারী বৃষ্টিপাত হয়, যার ফলে প্রশিক্ষণস্থলে ভূমিধসের ঘটনা ঘটে।”
এদিকে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত ভূমিধসে নিহত বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে, যা আগে ছিল ১৭। এখনো ৪২ জন নিখোঁজ রয়েছেন। নিহতদের এই সংখ্যার মধ্যে সেনারা অন্তর্ভুক্ত কি না, তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।