জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সকল সভ্য দেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কারো চোখ রাঙানি আমরা মেনে নেব না। কাউকে প্রভু মানব না। সবাইকে বন্ধু মানতে, বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজি আছি, তবে শর্ত একটাই-এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে। আর এ জাতি কারো কাছে মাথা নত করবে না।
তিনি বলেন, আমরা সম্প্রতি এখান থেকে ওখান থেকে কিছু উৎপাত দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন। আমরা তাদের প্রতি বিনয়ের সঙ্গে শক্ত কণ্ঠে অনুরোধ জানাবো, মেহেরবানি করে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আর নাক গলাতে আসবেন না। এতদিন নাক গলে যে তরল পদার্থ বের হয়েছে, মেহেরবানি করে টিস্যু দিয়ে তা সামলে নেন। আর নাক গলানো আমরা দেখতে চাই না। বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াবে ইনশাআল্লাহ।