ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নরসিংদীতে দায়িত্বপ্রাপ্ত মোবাইল ও স্ট্রাইকিং পার্টির অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
এ সময় পুলিশ সুপার মহোদয় নির্বাচন ডিউটিতে নিয়োজিত মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই পার্টির সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দায়িত্ব পালনকালে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন তিনি।
পুলিশ সুপার বলেন, নরসিংদীর সাধারণ জনগণ যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনী পরিবেশে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা সহিংসতার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিচক্ষণতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন তিনি।
ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ মোবাইল ও স্ট্রাইকিং পার্টির অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।