শ্রদ্ধা, স্মৃতি ও সংগ্রামের চেতনায় মুখর বাঁকড়ী স্মৃতিসৌধ
ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি, গণমানুষের নেতা কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঘারপাড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী স্মরণ অনুষ্ঠানমালা। শুক্রবার নড়াইলের সীমান্তবর্তী বাঁকড়ীতে তাঁর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
প্রথম দিনের কর্মসূচিতে দুপুরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কমরেড অমল সেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে স্মৃতিসৌধে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।
এসময় আয়োজিত সংক্ষিপ্ত স্মরণসভায় বক্তব্য রাখেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদ, সম্পাদক তসলিমুর রহমান, যশোর জেলা বিপ্লবী যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, নারী মুক্তির নেত্রী বিথীকা বিশ্বাস, ঝিনাইদহ শাখার নেতা মাস্টার নজরুল ইসলাম, নড়াইল জেলা কমিটির সম্পাদক জহুরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান, মাগুরা জেলা কমিটির সম্পাদক কাজী নজরুল ইসলাম এবং স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাসসহ অনেকে।
বক্তারা বলেন, কমরেড অমল সেন ছিলেন শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আজীবন সংগ্রামী এক আপসহীন নেতা। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তাঁর আদর্শ ও সংগ্রাম আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে তাঁর রাজনৈতিক দর্শন ও জীবনসংগ্রাম তুলে ধরার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, কমরেড অমল সেন ২০০৩ সালের এই দিনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর স্মৃতিকে ধারণ করে আগামী দুই দিনব্যাপী বিভিন্ন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।