নরসিংদীতে জুনাইদ (৯) হত্যা মামলায় কিশোর আটক, আদালতে স্বীকারোক্তি
নরসিংদী মডেল থানার আলোচিত জুনাইদ (৯) হত্যা মামলায় আইনের সংঘাতে জড়িত এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃত কিশোর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
আটককৃত প্রধান আসামি আশেক এলাহী ওরফে মেহেদী হাসান (১৬) একই এলাকার জজ মিয়ার ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে নরসিংদী থানাধীন বাগহাটা পশ্চিমপাড়া এলাকায় জনৈক মোতালেব মিয়ার পরিত্যক্ত বাড়ির পূর্ব পাশে কামাল মিয়ার মালিকানাধীন একটি ডোবা থেকে কচুরিপানার ওপর পড়ে থাকা অবস্থায় শিশু জুনাইদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি নরসিংদী মডেল থানা পুলিশকে অবহিত করেন।
সংবাদ পেয়ে থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃতদেহের পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের জানানো হয়। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানা-এ মামলা নং-৩৮(২)২৬, ধারা ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি মোতাবেক মামলা রুজু করা হয়। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি রাতে নরসিংদীর বাগহাটা এলাকা থেকে আইনের সংঘাতে জড়িত মেহেদীকে আটক করা হয়।
আটককৃত কিশোর পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।