পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামে এক কিশোরী গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রিফাতকে (২১) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার রাত ৮টায় কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আরিফা বরিশালের বায়োরগাতি এলাকার আব্দুল খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী রিফাত একই এলাকার বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় চার মাস আগে রিফাত-আরিফা দম্পতি কুয়াকাটায় এসে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। রিফাত স্থানীয় একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন।
প্রতিবেশীরা জানান, তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ দেখা যেত। ঘটনার রাতে হঠাৎ তাদের ঘর থেকে কান্নাকাটির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে ভেতরে রক্তাক্ত অবস্থায় আরিফার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।