গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটারদের গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯ জানুয়ারি (সোমবার) সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব প্রফেসর মোহা: মীর কাশেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো: শরিফুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহ্বায়ক জনাব গোলাম মোর্শেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সহ-সম্পাদক জনাব জয়নাল আবেদীন। এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জনাব আবু সাঈদ, মো: আতিকুর রহমান এবং জনাব মো: মোর ফু দুল ইসলাম।
বক্তাগণ তাঁদের বক্তব্যে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে ভোটারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করেন। তাঁরা বলেন, একটি সত্যিকার অর্থে নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই জুলাইয়ের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সকল নাগরিককে গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে গণভোটের গুরুত্ব ও তাৎপর্য গভীরভাবে অনুধাবনের ওপর গুরুত্বারোপ করেন এবং উপস্থিত অভিভাবক ও ভোটারদের গণভোটের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মশালাটি অংশগ্রহণকারীদের মাঝে গণভোট ও গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।