রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পাকিস্তান তার দেশের ঘনিষ্ঠ অংশীদার। তার মতে, দুই দেশের সম্পর্ক পরস্পরের স্বার্থ রক্ষায় সত্যিকার অর্থেই প্রয়োজনীয়। এজন্য ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে মস্কো। খবর জিও নিউজের।
পুতিনের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানে রাশিয়ার দূতাবাস জানিয়েছে, ‘বৃহত্তম আঞ্চলিক সংস্থা সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য পাকিস্তানের সঙ্গে আমাদের অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং মানবিক সম্ভাবনার দিক থেকে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে।’
রাশিয়ায় পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি মস্কোয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিনের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেন। এরপর এই বিবৃতি দেওয়া হয়।
এ সময় রাষ্ট্রদূত তিরমিজি রুশ প্রেসিডেন্ট পুতিনকে পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাকিস্তানের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।