সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় কাকড়া আহরণের সময় বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ জেলেরা বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায়। এতে চার বনকর্মী আহত হন।
সোমবার সকাল ৭টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমিনুর রহমান গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের সহকর্মীদের বরাত দিয়ে জানা যায় গত ১৩ মে আমিনুরসহ চার জেলে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে কাকড়া আহরণে সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার সকালে পাটকোস্টা এলাকায় কাকড়া আহরণের সময় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিম তাদের থামার সংকেত দেয়। এ সময় নির্দেশনা মানতে দেরি হওয়ায় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারকের নেতৃত্বে গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেন জেলেরা। এতে আমিনুর রহমান গাজী গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুপুর দেড়টার দিকে সহকর্মীরা আমিনুরের মরদেহ নিয়ে লোকালয়ে ফিরে আসেন। এ ঘটনায় স্থানীয় জেলে ও বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিকেল ৪টার দিকে বিক্ষুব্ধ জেলেরা বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ঘেরাও করে ভাঙচুর চালায়। এ সময় বনকর্মী তপন মেজবাহ ফারুক এখলাছুর ও ফায়জুর আহত হন বলে জানা গেছে।
বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন এ বিষয়ে এখনো আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন বনবিভাগের গুলিতে একজন জেলের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। পরিবারটি এখন প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান গুলিতে এক জেলের মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।