যশোরের মনিরামপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর লাঠির আঘাতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়েছে। স্ত্রীর বেধড়ক পিটুনিতে দেলোয়ারের ডান হাতের হাড় ভেঙে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহত দেলোয়ার বর্তমান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মনিরামপুর উপজেলার ১৩ নং খানপুর ইউনিয়নের ভরতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে দেলোয়ারের পারিবারিক সূত্রে জানাগেছে ৩১ মার্চ দুপুর ১টা ১০ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী আসমা খাতুনের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আসমা স্বামীকে লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। অভয়নগর উপজেলার বনগ্রামের ওসমান গনির মেয়ে আসমার লাঠির আঘাতে দেলোয়ার গুরুতর আহত হয় এবং তার একটি হাতের হাড় ভেঙে যায়।
আহত দেলোয়ার নিজেই মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। ওইদিনই সন্ধ্যা ৭টার দিকে সে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আসমাকে পাওয়া না যাওয়ায় তার মন্তব্য জানা যায়নি।