নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান মাস সামনে রেখে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে এ কার্যক্রম চালু হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান উপলক্ষে বাজারমূল্যের তুলনায় কম দামে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হবে। এর মধ্যে রোজার অতিরিক্ত দুটি পণ্য হিসেবে ছোলা প্রতি কেজি ৬০ টাকা এবং খেজুর প্রতি কেজি ১৬০ টাকা দরে বিক্রি করা হবে।
এছাড়া ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা দরে পাওয়া যাবে।
ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, এক কেজি ছোলা এবং বরাদ্দ অনুযায়ী এক থেকে দুই কেজি খেজুর কিনতে পারবেন। এসব ট্রাক থেকে যে কোনো সাধারণ ভোক্তা পণ্য ক্রয় করতে পারবেন।
টিসিবি জানিয়েছে, ফ্যামিলি কার্ডধারীদের জন্য নিয়মিত বিক্রয় কার্যক্রম আগের মতোই চলবে। কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন। রমজান মাসে তাদের জন্যও ছোলা ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকা দরে বিক্রি করা হবে।
প্রতিদিন ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫০টি, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২০টি এবং দেশের অন্যান্য ৭টি মেট্রোপলিটন এলাকায় ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। পাশাপাশি অবশিষ্ট ৫৫ জেলায় ৫টি করে মোট ৪৫০টি ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।
১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) মোট ২০ দিন এই বিশেষ বিক্রয় কার্যক্রম চলবে। টিসিবি জানিয়েছে, প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে গড়ে ৪০০ জন নিম্নআয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন।
এই ট্রাকসেল কার্যক্রমের মাধ্যমে সারাদেশে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে প্রায় ২৩ হাজার টন পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।