নরসিংদীর রায়পুরা উপজেলার কাচারীকান্দি গ্রামে বাউল গান পরিবেশন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত ৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে মুফতি নাজমুল হক ও তার সঙ্গে আসা কয়েকজন ব্যক্তি বাউল গান বন্ধ করে দেন বলে জানান স্থানীয় খানকার সঙ্গে সংশ্লিষ্টরা।
খানকার পক্ষ থেকে জানানো হয়, বাউল গান বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা দাবি করেন, ওই সময় কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ ঘটেনি, শুধুমাত্র বাউল সংগীত পরিবেশন করা হচ্ছিল।
স্থানীয়রা অভিযোগ করেন, বিভিন্ন ধরনের ফতোয়ার দোহাই দিয়ে বাউল গান বন্ধ করে দেওয়া মানুষের সাংস্কৃতিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে সচেতন মহল মনে করছে, দেশের প্রচলিত আইন ও সামাজিক শালীনতার মধ্যে থেকে সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার অধিকার সবার রয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।