যশোরের মণিরামপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিপক্ষে সতন্ত্র কলস প্রতীকের পক্ষে নির্বাচন করায় মণিরামপুর পৌর বিএনপিসহ চার ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। একাধিকবার সতর্ক করার পরও সাংগঠনিক নির্দেশনা না মানায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার জেলা বিএনপির দলীয় প্যাডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
জানাগেছে দলীয় নির্দেশনা উপেক্ষা করে বিএনপির মণিরামপুর পৌরসভা, উপজেলার ভোজগাতি, হারিদাসকাটি, শ্যামকুড় ও মনোহরপুর ইউনিয়ন বিএনপি’র শীর্ষ পদধারিরা প্রকাশ্যে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. শহীদ ইকবাল হোসেনের পক্ষে প্রকাশ্যে প্রচার-প্রচানায় অংশ নিচ্ছেন। বিষয়টি দলীয় হাই কমান্ডের দৃষ্টি গোচর হওয়ায় প্রাথমিক পর্যায়ে কারণ দর্শানো নোটিশ করা হয়। নোটিশের সন্তোষজনক জবাব না দেওয়ায় জেলা কমিটির দলীয় সিদ্ধান্তে এসব কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে।