পবিত্র রমজান মাসে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে আপাতত রমজান মাসে স্কুল খোলা রাখার শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বহাল থাকছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।
এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্ট পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
পবিত্র রমজানে মাধ্যমিক স্তরের বিদ্যালয় খোলা রেখে বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করায় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত ২০ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল। এর আগে ৫ জানুয়ারি তিনি সরকারকে একটি আইনি নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, বাংলাদেশের অধিকাংশ জনগণ মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাই প্রচলিত আইন, প্রথা ও নীতি। সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও ১৫২(১) অনুচ্ছেদের আলোকে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক বলেও দাবি করা হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়, রোজা রেখে শিশু-কিশোরদের সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করা কষ্টসাধ্য, যা তাদের ধর্মীয় অনুশীলনে বাধা সৃষ্টি করতে পারে। পাশাপাশি রমজানে স্কুল চালু থাকলে নগর এলাকায় যানজট বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
এদিকে সম্প্রতি প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্তে রমজান মাসের বড় একটি অংশে বিদ্যালয় খোলা থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় ২১ রমজান পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক স্তরেও রমজানের অর্ধেকের বেশি সময় ক্লাস চালু রাখার কথা বলা হয়েছে।
তবে সব সরকারি ও বেসরকারি কলেজে রমজান মাসের পুরো সময় ছুটি থাকবে। এছাড়া মাদরাসাগুলোতে ১৫ ফেব্রুয়ারি থেকেই পবিত্র রমজানের ছুটি শুরু হয়েছে।