ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়।
আজ সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠান শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এমপিদের শপথবাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, এবারের শপথগ্রহণ হবে দুই ধাপে। প্রথম ধাপে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন এমপিরা। দ্বিতীয় ধাপে রাষ্ট্র সংস্কারের বিশেষ অঙ্গীকারের শপথ গ্রহণ করবেন তাঁরা।
এরপর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শপথবাক্য পাঠ করাবেন। একই অনুষ্ঠানে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ গ্রহণ করানো হবে।
অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনিক, প্রোটোকল ও নিরাপত্তা সংক্রান্ত সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
এই শপথগ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং নতুন সরকারের পথচলা সূচিত হবে।