যশোরের বাঘারপাড়া উপজেলা এলাকায় বেড়া ও ঝাপ ভেঙে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার দরাজহাট ইউনিয়নের দাদপুর বাজারে অবস্থিত ‘করিম স্টোর’-এ এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় দোকানের মালিক আব্দুল করিম বাঘারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দোকান মালিক আব্দুল করিম জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিনি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন সকালে দোকানে এসে দেখেন, ঝাপ ও টিনের বেড়া ভাঙা অবস্থায় রয়েছে। দোকানের ভেতরে ঢুকে তিনি দেখতে পান মুদি মালামাল, চা বিক্রির সরঞ্জাম এবং কিছু ইলেকট্রনিক্স পণ্য খোয়া গেছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, চুরি হওয়া পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১৬ হাজার টাকা। রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা এ চুরি সংঘটিত করেছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষোভ ও হতাশা প্রকাশ করে আব্দুল করিম বলেন, “আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। মুদি পণ্য ও সামান্য ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করে কোনো রকমে সংসার চালাই। এই ক্ষতি পোষাতে আমার অনেক সময় লাগবে।”
এ বিষয়ে মাহমুদুল হাসান, অফিসার ইনচার্জ (ওসি), জানান—চোর শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।