এডিশন ডেস্ক:
যশোর সিটি কলেজ ছাত্র দল সভাপতি মো. সোহানুর রহমান সোহান (২৫) এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে শহরের শংকরপুর আশ্রম রোড এলাকায় তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
আহত সোহানুর রহমান সোহান শহরের বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে।
আহত সোহান জানান, রাত সাড়ে ৭টার দিকে তিনি শহরের আশ্রম রোডের জনৈক তুহিনের ভাঙারির দোকানের সামনে বসে ছিলেন। এ সময় রাতিন (২১) নামে এক যুবক তাকে চাকু নিয়ে আক্রমণ করে। একপর্যায়ে তার পেটের নিচের অংশে ছুরি দিয়ে আঘাত করে। পরে তার সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান, পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার