নরসিংদী পৌর শহরের চৌয়ালা এলাকায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে একটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের সাটিরপাড়া এলাকায় স্বাধীন মিয়ার একটি খাবারের হোটেলে সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হোটেল মালিকের ছেলে সাকিবুল হাসান তাদের বাইরে যেতে বললে কয়েকজন তার ওপর ক্ষুব্ধ হন বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, পরে ওই ঘটনার জেরে ৩০-৪০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। বাড়ির জানালা, আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে দাবি করা হয়েছে। এছাড়া আলমারিতে রাখা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তারা।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের আলামত পাওয়া গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।