লিবিয়ার সাবেক শাসক কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে পশ্চিম লিবিয়ার জিনতান শহরে নিজ বাসভবনে এই হত্যাকাণ্ড ঘটে। চার মুখোশধারী সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। উচ্চশিক্ষিত সাইফ লিবিয়ার একটি প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা ছিলেন এবং আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার সম্ভাবনাও ছিল।
তার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বুধবার ইউরো নিউজ জানায়, ৫৩ বছর বয়সি সাইফকে রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১৩৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে জিনতানে হত্যা করা হয়। তার আইনজীবী খালেদ আল-জাইদি এক ফেসবুক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়ায় শান্তি আলোচনায় গাদ্দাফিপন্থিদের প্রতিনিধিত্বকারী আবদুল্লাহ ওথমান আবদুর রহিমও সাইফের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি স্থানীয় গণমাধ্যমকে জানান, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড এবং সশস্ত্র হামলাকারীরা সরাসরি তাকে হত্যা করতেই বাড়িতে প্রবেশ করেছিল।