প্রকাশ্যে গণভোটে ‘না’-এর পক্ষে অবস্থান নেওয়ায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরকে রংপুরে বয়কট করে গ্রেপ্তারের দাবি উঠেছে। একই সঙ্গে জাপাকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতাসহ জুলাইযোদ্ধা এবং সাধারণ মানুষ।
গত মঙ্গলবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জিএম কাদের সংবাদ সম্মেলনে প্রকাশ্যে গণভোটে ‘না’-এর পক্ষে অবস্থান নেন। গতকাল বুধবার বিকালে এ বিষয়ে রংপুরের বিএনপি, জামায়াত, এনসিপি, জুলাইযোদ্ধা ও সাধারণ মানুষের সঙ্গে কথা হলে তারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
রাজনৈতিক নেতাসহ স্থানীয়রা বলেন, জাতীয় পার্টি শুরু থেকেই আওয়ামী লীগকে সাপোর্ট করে আসছে। তারা স্বৈরাচার সরকার থেকে বিভিন্ন সুবিধা নিয়ে নানা অনিয়ম-দুর্নীতি করেছে। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের সরাসরি বিপক্ষে অবস্থান নিয়ে দলটি ফ্যাসিবাদের পক্ষেই কথা বলেছে। জাতীয় পার্টি ভারতের দালালি করার কারণে দলমত নির্বিশেষে জিএম কাদেরকে গ্রেপ্তার এবং তার দলকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ জনগণ।