Primeedition
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দী নামের এক ব্যবসায়ীর নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভা থেকে ওই আসনের জন্য কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করা হয়। এর আগে খুলনা ১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু ইউসুফকে ঘোষণা দেয়া হয়েছিল ।
কৃষ্ণ নন্দীর মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জামায়াতের একাধিক নেতাকর্মী ও কৃষ্ণ নন্দী নিজেই। এর আগে গত সপ্তাহে তাকে ওই আসনে প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছিল। কৃষ্ণ নন্দী জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি।
খোঁজ নিয়ে জানা গেছে, কৃষ্ণ নন্দী একজন ব্যবসায়ী। ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায় তার বাড়ি। সেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
গণঅভ্যুত্থান পরবর্তী তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের সাথে সখ্যতা গড়ে তোলেন। জামায়াতের বিভিন্ন সভা-সমাবেশে মঞ্চে বক্তব্য ও দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে দেখা গেছে কৃষ্ণ নন্দীকে।
নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে জানতে চাইলে কৃষ্ণ নন্দী জানান, ‘অবশেষে প্রথম হিন্দু প্রার্থী হিসেবে জামায়াত আমাকে মনোনয়ন দিয়েছে।
নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী কৃষ্ণ নন্দী। আগামীকাল থেকেই মাঠে নির্বাচনী প্রচারণায় কাজ শুরু করবেন।
তবে গত সপ্তাহে কৃষ্ণ নন্দী নিজেকে খুলনা ১ আসনে তাকে কেন্দ্র থেকে গ্রীন সিগন্যাল দেয়া হয়েছে বলে জানিয়েছিলেন। এর পর থেকে তার সঙ্গে আওয়ামী লীগের এমপি ও সাবেক মন্ত্রীর সখ্যতার ছবি গণমাধ্যমে ভাইরাল হয়। এছাড়া তাকে বহিরাগত আখ্যা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশে বক্তব্য দিতে দেখা যায়।
মন্তব্য করুন