অভিযানকালে সন্ত্রাসী কর্মকাণ্ডের গডফাদার হিসেবে পরিচিত একাধিক মামলার আসামি জামাল উদ্দিন খোকাসহ সাতজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— কারারচর গ্রামের মো. মিজান মিয়ার ছেলে জামাল উদ্দিন খোকা (৭০), তার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহজালাল আহমেদ সানির স্ত্রী সম্পা আক্তার (২৪), জাঙ্গাইলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৭), আওয়ালের স্ত্রী শামসুন নাহার (৫০), মৃত শুকুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) ও ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা, একটি একনলা বন্দুক, একটি স্টিলের পিস্তল, একটি প্লাস্টিকের রিভলভার, তিনটি ম্যাগজিন, দুটি শটগানের কার্তুজ, ফেন্সিডিলসহ দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযান পরবর্তী সময়ে শিবপুর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনী ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান ও নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মো. আবদুল্লাহ্-আল-ফারুক উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জামাল উদ্দিন খোকার বিরুদ্ধে একটি মামলা, আজিজুল মিয়ার বিরুদ্ধে দুটি মাদক মামলা এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নতুন করে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।