নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় এক যুবকের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি (শনিবার) সকাল আনুমানিক ১০টার দিকে নরসিংদী মডেল থানাধীন পশ্চিম কান্দাপাড়ার বাসুদেব পাড়ার একটি গলিতে ঘটনাটি ঘটে। আহত যুবকের নাম অনিক চন্দ্র ঘোষ (২৫)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং মৃত বিমল চন্দ্র ঘোষের ছেলে।

ভুক্তভোগীর পরিবার জানায়, অনিক চন্দ্র ঘোষ সকালে টাকা পাঠানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিকটস্থ একটি বিকাশের দোকানে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে কথা-কাটাকাটির একপর্যায়ে তার সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায়। পরে তার কাছ থেকে নগদ ৩৭ হাজার ২৪৫ টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অনিক চন্দ্র ঘোষকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী অনিক চন্দ্র ঘোষ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অনিক চন্দ্র ঘোষ বলেন,
“পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার সঙ্গে এই ঘটনা ঘটানো হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনগত শাস্তি চাই।”

নরসিংদী মডেল থানার পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।