শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক কালবেলা এবং সময়ের আলো পত্রিকার শিবপুর উপজেলা প্রতিনিধি আবদুর রব শেখ মানিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোনে ০৮৮০৯৬০৩২৭৪৪৭৮ ও +৮৮০৯৬০৩২৮৯৪৬৩ নম্বর থেকে একাধিক কল আসে। ফোন রিসিভ করার পর অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। হুমকিদাতার কণ্ঠস্বর কিংবা ব্যবহৃত মোবাইল নম্বর তার পরিচিত নয়।

তিনি জিডিতে আরও উল্লেখ করেন, কী কারণে বা কী উদ্দেশ্যে তাকে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে তা তিনি বুঝতে পারছেন না। তবে হঠাৎ এমন ঘটনায় তিনি ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, একজন সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।