বিএনপির নেতাকর্মীদের প্রত্যক্ষ মদদে মঙ্গলবার ২৮ জুলাই বেলা ১১টার দিকে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের উপর হামলা ও বাসা ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

এ দিকে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ২৮ জুলাই এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের মদদে উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এবং যশোর জেলা জামায়াতের আমীর জনাব গোলাম রসুলের বাসায় একদল স-ন্ত্রাসী ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

গোলাম পরওয়ার বলেন, একজন মাননীয় সংসদ সদস্যের বাসায় এহেন কাপুরুষোচিত হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে যাবে। আমি হামলার সাথে জড়িত ও উসকানিদাতাদের অবিলম্বে শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। 

তিনি আরও বলেন, মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম রসুল-এর এক মেয়ে মানসিকভাবে অসুস্থ। তিনি ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এমন একজন মানসিক রোগীর কোনো আচরণকে কেন্দ্র করে (যা ইতোমধ্যে মীমাংসিত ইস্যু) এহেন হামলার ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এছাড়াও নিজের মেয়ের অসুস্থতার বিষয়টি তুলে ধরে মাননীয় সংসদ সদস্য ঘটনার ব্যাখ্যা দেয়ার পরও ‘মবকে’ উসকে দেয়ার বিশেষ উদ্দেশ্য রয়েছে বলে আমরা মনে করি। 

গোলাম পরওয়ার আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। তাই দু-র্বৃত্তায়ন কিংবা ‘মব’ করে জামায়াতকে বিতর্কিত করতে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে যেসব টার্গেটেড অপপ্রচার চালানো হচ্ছে, তা অপ্রত্যাশিত ও অনভিপ্রেত। ঘটনার সত্যতা তুলে ধরে সংবাদ প্রকাশ এবং নাগরিকদের বিভ্রান্ত না করার জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।