যশোরে বাঘারপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির গর্জনে শুরু হয় গৌরবময় এই দিনের আনুষ্ঠানিকতা।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮টা ৪৫ মিনিটে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। পরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও সমাবেশে সালাম গ্রহণ করেন। শৃঙ্খলাবদ্ধ পরিবেশনা ও শিক্ষার্থীদের উদ্দীপনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করে তাদের স্মৃতিচারণ করেন এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বিকেলে পাইলট স্কুল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। দিনব্যাপী এই আয়োজন বাঘারপাড়াবাসীর মাঝে দেশপ্রেম, ঐক্য ও গৌরবের চেতনাকে আরও দৃঢ় করে তোলে।