নরসিংদীর মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের ডৌকাদি এলাকায় জামায়াত ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ত১১ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটে গত ১৩ ফেব্রুয়ারি। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি কর্মীদের দ্বারা জামায়াতের একটি ব্যানার অপসারণকে কেন্দ্র করে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হন। আহতদের মধ্যে মুক্তার (পিতা: আব্দুল বাতেন) নামে একজন গুরুতর আহত হন। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত মুক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও এলাকায় টহল জোরদার করে। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সংঘর্ষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করে।

প্রশাসন জানিয়েছে, এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।