যশোর ৫ মণিরামপুর আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পরিচালিত মোবাইল কোর্ট
দুই প্রার্থীর প্রতিনিধিকে অর্থদণ্ড প্রদান করেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬ টার পর মণিরামপুর উপজেলা পরিষদের সামনে পরিচালিত মোবাইল কোর্ট নির্বাচনী প্রচারণার সময় যান চলাচল ও জনজীবনে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের দায়ে বিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী রশিদ আহমদের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করে। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এসময় বিজিবির সহযোগিতায় টহল পরিচালনাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ ধারায় পৃথক ৫টি মামলা দায়ের করে মোট ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে চালুয়াহাটি ইউনিয়নের নেঙ্গুরা হাট এলাকায় নির্বাচনী প্রতীকে আলোকসজ্জা করে আচরণ বিধিমালা ১৩(গ) ধারা লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র কলস মার্কার প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষে অভিযানগুলো পরিচালনা করেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস।