চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব–৭–এর অস্ত্র উদ্ধার অভিযানে একজন নায়েব সুবেদার নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে যৌথবাহিনীর বড় ধরনের অভিযানের প্রস্তুতি চলছে। পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর একটি টিমও প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
সোমবার দিবাগত রাত একটার দিকে ঘটনাস্থলের কাছেই দায়িত্বরত র্যাব–৭–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন আমার দেশকে বলেন, আমাদের সদস্যদের ওপর সন্ত্রাসীরা হামলা চালানোর পর আমরা দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলি। যেন কেউ পালাতে না পারে—সেজন্য সব প্রবেশ ও বের হওয়ার পথ চেকপোস্ট দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। যৌথবাহিনীর অভিযানের প্রস্তুতি চলছে। তবে কখন অভিযান শুরু হবে, তা বলা যাচ্ছে না।